সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অতীতে এ প্রতিযোগিতায় কোনো বাধার মুখে পড়েনি আয়োজকরা, কিন্তু এবারে ‘তৌহিদী জনতা’ ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করছে।
বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে অনুষ্ঠিত সভায় কয়েকজন প্রতিযোগিতাটি বাতিল করার দাবি জানিয়েছে।
এদিকে, সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানিয়েছেন, “নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। এটি তৌহিদী জনতা বা কারো বাধার কারণে থেমে থাকবে না। স্থানীয়দের সাথে বসে বিষয়টি সমাধান হবে।”
নৌকাবাইচ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “নৌকাবাইচ যথাসময়ে হবে। আমরা প্রশাসনের সাথে বৈঠক করে সেই প্রস্তুতিই নিচ্ছি।”