সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তর আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য প্রকাশ করে।
মৃত শিশুদের সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বয়স ১ বছরের কম এবং বাড়ি হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে নতুন করে ১৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা, যাদের অধিকাংশই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিল। আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের মধ্যে বেশিরভাগ সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত জনপদের বাসিন্দা।
তবে, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।