জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় সমন্বিত জাতীয় কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো সংকট বাংলাদেশের মানুষের নিত্যদিনের বাস্তবতা।
বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ফ্রম অ্যাসেসমেন্ট টু অ্যাকশন: বাংলাদেশ’স ন্যাশনাল লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূলের কৃষক, জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এ জাতীয় কাঠামো কেবল আর্থিক ক্ষয়ক্ষতিই নয়, ভিটেমাটি হারানো কিংবা সামাজিক বন্ধন বিচ্ছিন্ন হওয়ার মতো অপূরণীয় মানবিক ক্ষতিও মর্যাদার সঙ্গে নিরূপণ করবে।
তিনি এ সময় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে একটি একক জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। উপকূলীয় অঞ্চলে এ কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করা হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সাইমুম। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।