সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের সিলেট কার্যালয় আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।
মৃত শিশুদের মধ্যে ঝুহি বেগম শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং তানিশা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঝুহি বেগমের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ এবং তানিশার বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায় অবস্থিত।
এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামে ১০ জনের প্রাণহানি ঘটেছে।
এদিকে, নতুন করে আরও ১০ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২০৭ জন, যার মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলায়।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬৭ জন, যার মধ্যে নতুন সন্দেহজনক ১৯৩ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।