নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রান্নায় বারবার ব্যবহৃত পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক শত্রু। তিনি বুধবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন।
তিনি সতর্ক করে বলেন, পোড়া তেলের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। গবেষণায় দেখা গেছে, খাবারের দোকানগুলোতে খরচ কমাতে একই তেল বারবার ব্যবহার করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণায় উঠে এসেছে, অন্তত ৬৫ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে একই তেল দিনে ৫ থেকে ১০ বার বা তার চেয়েও বেশি সময় ধরে ব্যবহার করা হয়। এতে ট্রান্স ফ্যাট ও ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, যা ক্যান্সার, হৃদরোগ ও লিভারের জটিলতার ঝুঁকি বাড়ায়।
মো. শফিকুল ইসলাম আরও বলেন, এই পোড়া তেল মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদযন্ত্রের অন্যতম প্রধান শত্রু। তাই ব্যক্তি ও ব্যবসায়ী উভয় পর্যায়েই এ তেল ব্যবহার বন্ধের আহ্বান জানান তিনি।
এদিকে, পোড়া তেল যত্রতত্র না ফেলে টেকসই ব্যবস্থাপনার আওতায় আনার কাজ চলছে। কিছু প্রতিষ্ঠান এ বর্জ্য তেল সংগ্রহ করে নিজস্ব কারখানায় বায়োডিজেল উৎপাদন করছে। এটি পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।
অনুষ্ঠানে জানানো হয়, মাত্র ১ লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে।