সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

জার্মানির শারিতে হাসপাতালের সঙ্গে ক্যানসার প্রতিরোধে বাংলাদেশের সহযোগিতা

জার্মানির শারিতে হাসপাতালের সঙ্গে ক্যানসার প্রতিরোধে বাংলাদেশের সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে।

জার্মানির শারিতে হাসপাতালের সঙ্গে ক্যানসার প্রতিরোধে বাংলাদেশের সহযোগিতা

বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন পরিদর্শন করেছে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শনিবার অনুষ্ঠিত এ সফরে ক্যানসার চিকিৎসাব্যবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী শাখাওয়াত হোসেন বকুল। সহ-নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। শারিতে হাসপাতালের পক্ষে নেতৃত্ব দেন স্ত্রীরোগজনিত ক্যানসার চিকিৎসাবিশেষজ্ঞ অধ্যাপক ড. জালিদ সেহৌলি।

বৈঠকে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ক্যাথরিন এবং জার্মান হেলথ অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক লারা প্যাটারসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে চিকিৎসানির্ভর কাঠামো থেকে প্রতিরোধমূলক ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়।

সরকার নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য রোগে অকালমৃত্যু কমানোর লক্ষ্যে কাজ করছে। বর্তমানে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও ইউএনএফপিএর সহযোগিতায় জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধের জন্য কার্যক্রম চলছে।

বাংলাদেশ প্রতিনিধিদল শারিতে হাসপাতালের আধুনিক রোগনির্ণয় প্রযুক্তি, রোগী ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবার সঙ্গে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের অভিজ্ঞতা অর্জন করে। বৈঠকে বাংলাদেশ এবং শারিতে হাসপাতালের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন বকুল নারীদের স্বাস্থ্যসেবা শক্তিশালী করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের সব অঞ্চলের নারীর জন্য আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে কমিউনিটি সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের সঙ্গে রোগনির্ণয়কেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালের কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে। আলোচনা শেষে উভয় পক্ষ প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তোলার বিষয়ে সম্মত হয়।

বিজ্ঞাপন