শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়ায় পাচারের পথে ডুবছিল ট্রলার; উদ্ধার ৭৬, আটক ১১ পাচারকারী

মালয়েশিয়ায় পাচারের পথে ডুবন্ত ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মালয়েশিয়ায় পাচারের পথে ডুবছিল ট্রলার; উদ্ধার ৭৬, আটক ১১ পাচারকারী

বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিনের অদূরে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ডুবন্ত ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সেন্টমার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের ট্রলারটি একটি ভাসমান ট্রলারকে দেখতে পায়, যা ইঞ্জিন বিকল অবস্থায় ছিল।

এফভি ক্রিস্টাল-১-এর লোকজন সন্দেহজনক আচরণ লক্ষ্য করে নৌবাহিনীকে খবর দেয়। এরপর নৌবাহিনী অভিযান চালিয়ে ভাসমান ট্রলারটি উদ্ধার করে এবং সেখানে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী হিসেবে শনাক্ত করা হয়। অপর ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অধিকাংশ ব্যক্তিকে মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।

নৌবাহিনীর দ্রুত অভিযানে মানবপাচারকারী চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়েছে, যা একটি বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি রোধ করেছে।

বিজ্ঞাপন