শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামায়াতের সাবেক উপজেলা আমিরকে ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার

জামালপুরে জামায়াতের সাবেক আমির আব্দুল ওয়াহেদকে ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার করা হয়েছে।

জামায়াতের সাবেক উপজেলা আমিরকে ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।

স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালে আল-আকাবা সমিতির ভুক্তভোগী গ্রাহকেরা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সমিতির পরিচালকদের বিরুদ্ধে মামলা করেন। আব্দুল ওয়াহেদসহ মোট আটটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সমিতির তথ্য অনুযায়ী, আল-আকাবার মোট গ্রাহক ১২ হাজার ৬৬১ জন, যাদের আমানতের পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

র‍্যাব-১৪-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, র‍্যাবের হাতে গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করা হয় এবং পরে আদালতের নির্দেশে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন