শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খান

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন রাশেদ খান।

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খান

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

রাশেদ খান বলেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো, যা কখনো একটার সঙ্গে আরেকটা মিশে না। এনসিপি ও জামায়াতের সম্পর্ক টিকবে না দাবি করে তিনি জানান, নির্বাচনের আগে এনসিপি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতি করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছিল।

তিনি উল্লেখ করেন, সেই সময় ডা. তাসনিম জারার মতো তরুণ নেতৃত্বরা এনসিপি থেকে বের হয়ে যায়। জামায়াতের সঙ্গে এনসিপির জোট তরুণ নেতৃত্বরা মেনে নিতে পারেনি। বর্তমানে সামান্তা শারমিন এনসিপি থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যদি এনসিপি জামায়াত জোট থেকে বের হয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনদের মতো গুরুত্বপূর্ণ নেতৃত্বরা এনসিপি থেকে বের হয়ে আসবেন।

রাশেদ খান আরও বলেন, জামায়াত মুখে ইসলামের কথা বলে, কিন্তু জামায়াতের নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। তিনি সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা উল্লেখ করেন এবং কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা মুফতি আমির হামজার অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয়।

বিজ্ঞাপন