জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও তা মূলত ভণ্ডবস্তের রাজনীতির সূচনা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
রাশেদ খান বলেন, "এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। এনসিপিকে গঠনমূলক রাজনীতি করতে বলছি। বর্তমানে এনসিপির রাজনীতি জামায়াতে ইসলামীর পরামর্শে পরিচালিত হচ্ছে।"
এছাড়া, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে। তারা আর রাজনীতিতে ফিরতে পারবে না।"
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।