জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, 'জুলাইয়ের চেতনা ও বিপ্লবের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না এবং জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না।' তিনি উল্লেখ করেন, 'আন্দোলনের সময় অন্য দলের অবস্থান নিয়ে নানা আলোচনা থাকলেও জামায়াতে ইসলামী স্বৈরশাসকের অনুমতি নিয়ে মাঠে নামেনি।'
সভায় তিনি জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার আহ্বান জানান, বলেন, 'যত সময়ই লাগুক, জুলাইয়ের বিচার একদিন হবেই।' সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ গঠন ও জুলাই হত্যার বিচার নিশ্চিত করতে হবে।'
জামায়াত আমির আরও বলেন, 'সরকার বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে আবারও দেশকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে।' তিনি অভিযোগ করেন, 'সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা দেশে দুর্নীতি ও অনিয়মের বিস্তার ঘটাচ্ছে।'