হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এনসিপির পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি রুজু করে পুলিশ। মামলার বাদী হয়েছেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল।
মামলায় শাহ রাজিব আহমেদ রিংগন ছাড়াও আসামি করা হয়েছে আশরাফুজ্জামান রিয়াদ, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অভি ও রক্সি ইসলামকে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত মঙ্গলবার হবিগঞ্জ টাউন হলের সামনে থেকে সার্কিট হাউজে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মীসহ এনসিপির নেতা-কর্মীরা আহত হন। এনসিপির পক্ষ থেকে হামলার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, অভিযোগ যাচাই-বাছাই শেষে মামলাটি রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মামলাটিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন শাহ রাজিব আহমেদ রিংগন। তিনি বলেন, ‘এনসিপির কেন্দ্রীয় নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যার ফলে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।’
এনসিপির পক্ষ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।