রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৪ অক্টোবর রাতে এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, রবিবার রাত সাড়ে আটটার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ছাত্রদলের নেতাকর্মীরা মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন।
এ সময় সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সেখানে গেলে ছাত্রদলের সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম মাথায় মারাত্মক জখম পান। হামলাকারীরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাদের ‘পুঁতে ফেলার’ হুমকি দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, হামলায় অন্তত ১০ জন ছাত্রদল নেতাকর্মী অংশ নেন।
আহত সাংবাদিকদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়, পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এনসিপির বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক মতপ্রকাশের পরিবেশে রাজনৈতিক ছাত্র সংগঠনের সশস্ত্র মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এর দায় এড়াতে পারে না।
এনসিপি নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্যাম্পাসে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।