চাঁদপুরের হাজীগঞ্জ, চুয়াডাঙ্গা ও মাদারীপুরের কালকিনি পৌরবাসী পানির সংকটে নিত্যদিনের কাজকর্মে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পানির সংযোগ থাকা সত্ত্বেও কলে পানি আসছে না, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
হাজীগঞ্জ পৌরসভার ১০টি প্রোডাকশন টিউবওয়েলের মধ্যে চারটি বন্ধ রয়েছে। এর ফলে পৌরসভার ৬ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গত সাত মাস ধরে তীব্র সুপেয় পানির সংকটে ভুগছেন। নিয়মিত বিল ও পৌরকর পরিশোধ করার পরও সেবা না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা।
হাজীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মাহবুবর রশীদ জানান, পুরোনো টিউবওয়েলের আয়ুষ্কাল শেষ হওয়া, পানির স্তর নেমে যাওয়া এবং ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত আয়রন থাকার কারণে এই সংকট সৃষ্টি হচ্ছে।
চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৪টিতে পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। বাকি ৫টি ওয়ার্ডে এখনো পুরোপুরি পানি সরবরাহ চালু হয়নি। অনেক বাসিন্দা বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।
চুয়াডাঙ্গা পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুজ্জামান জানান, ২৮০ কিলোমিটার সরবরাহ এলাকার মধ্যে বর্তমানে পাইপলাইন রয়েছে মাত্র ১১৩ কিলোমিটারে। আরও ১০০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদারীপুরের কালকিনি পৌরসভায়ও একই পরিস্থিতি বিরাজমান। গত এক বছর ধরে ১ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানির সংযোগ থাকলেও পানি আসছে না। পৌর কর্তৃপক্ষের দাবি, ভূমিকম্পের পর ভূগর্ভস্থ পানি উত্তোলনের পাইপে ফাটল ধরায় এই সংকট তৈরি হয়েছে।