লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (৪ অক্টোবর) দুপুরে তারা মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "মোগলহাট স্থলবন্দর আন্তর্জাতিক স্থলবন্দর। তাই ভারতের সঙ্গে একটি চুক্তি করতে হবে। প্রথম কাজ হলো ভারতের আগ্রহ থাকা। চুক্তিটি অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে।" তিনি আরও জানান, অবকাঠামো সংস্কার অভ্যন্তরীণ ব্যাপার, যা তারা করতে পারবেন।
তিনি বলেন, "স্থলবন্দরটি চালু হলে এখানে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। আন্তর্জাতিক মানের বাণিজ্য শুরু হলে উভয় দেশের অর্থনীতিতে সুদৃঢ় মজবুত করবে।"
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানান, স্থলবন্দরটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল প্রস্তুত রয়েছে। তিনি বলেন, "ভারত সরকার না চাইলে এককভাবে আমরা চালু করতে পারব না। তাই ভারতের সাথে আগে চুক্তি করা দরকার।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অল্প সময়ে চুক্তি করে বন্দরটি পুনরায় চালু করা হবে।