কানাডার টরন্টো শহরে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে।
এতে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। বন্যা বলেন, ‘গত বছরও টরন্টোতে গেয়েছিলাম আমি। সেসময় দারুণ সাড়া পেয়েছি। এবারও সবার ভালোবাসায় ফের গাইতে টরন্টোতে যাচ্ছি।’
এছাড়া অনুষ্ঠানে থাকছে জোনায়েদ আনোয়ারের দোতরা ও জাহাঙ্গীর হোসেনের বাঁশির মনোমুগ্ধকর পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বন্যার সঙ্গে বিদেশি যন্ত্রশিল্পীদের সমন্বয়ে বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলায় পরিবেশনা থাকবে। নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতির শিকড়ে ফিরে যাওয়ার এক অনন্য আয়োজন মোমেন্টস উইথ লেজেন্ডস।’
অনুষ্ঠানটি টরন্টোর ১৯০ রেলসাইড রোড, নর্থ ইয়র্ক ও অন্টারিও এম৩এ১এ৩-এ অনুষ্ঠিত হবে। দর্শকদের জন্য গেট খুলবে বিকেল সাড়ে ৫টায় এবং অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে: ভিভিআইপি ১০০ কানাডিয়ান ডলার, ভিআইপি ৬০ ডলার এবং রেগুলার ৪০ ডলার। ইভেন্টব্রাইটের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে।