চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন ইংরেজ (৬৪) অসুস্থ হয়ে মারা গেছেন। বুধবার (২১ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে। তিনি মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি ছিলেন।
আনোয়ার হোসেন ইংরেজ সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন স্কুলপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে এবং ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। কারাগারের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪ ধারায় সাজা হয়েছিল। আদালত তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান ছিল।
গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে বন্দি হন। মৃত্যুর আগে তিনি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ১৭ অক্টোবর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টা ৫ মিনিটে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বা তীব্র হৃদ্যন্ত্রের সমস্যা উল্লেখ করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, তিনি ডায়াবেটিস, হাপানি ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার (চলতি দায়িত্ব) শাখাওয়াত হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বিধি অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।