বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন পূর্ণ ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
৪ অক্টোবর, রোববার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে তিনটি ভিন্ন প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকেও পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিটে পদায়ন করা হয়েছে।
অন্য একটি আদেশে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে এবং পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে টুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।
জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।