সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুষ্টিয়ায় নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা, উত্তেজনা ছড়ালো

কুষ্টিয়ায় নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

কুষ্টিয়ায় নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা, উত্তেজনা ছড়ালো

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা ৮টার দিকে এ ঘটনা ঘটে, যার ফলে মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নাসির উদ্দিন পাটোয়ারীকে পুলিশ প্রোটেকশনে কুমারখালী থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই হামলার ঘটনায় ছাত্রদলকে দায়ী করে কুষ্টিয়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, ‘হামলাকারীরা ছাত্রদলের নেতাকর্মী, তারাই এই হামলা চালিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।’

হামলার অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দীন নিশাত জানান, ‘আমি পাবনা ছিলাম, এখন ফিরছি। তবে আমি শুনেছি, সে ছেউড়িয়ায় গিয়ে প্রথমে মাদক সেবন করে। পরে গান শুনে বের হওয়ার সময় লালনের মাঝারের গেটে এসে স্থানীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এতে করে স্থানীয় ব্যবসায়ী এবং লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপরে হামলা করে। সেখানে ছাত্রদলের কোনো নেতাকর্মী ছিল না।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘নাসির উদ্দিন পাটোয়ারী লালন মাজারে এসেছিলেন। শুনেছি তার সঙ্গে কিছু একটা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পরে বিস্তারিত বলতে পারব।’

বিজ্ঞাপন