চট্টগ্রামের ঐতিহাসিক নিউমার্কেট বিপণী বিতান এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি জিপিও মোড় থেকে শুরু হয়। অভিযানের উদ্দেশ্য ছিল ভাসমান হকারদের উচ্ছেদ এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
অভিযান চলাকালে সিডিএ চেয়ারম্যান বলেন, "নিউমার্কেট চট্টগ্রামের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শপিংমল। এই স্থাপনার চারপাশে অবৈধভাবে হকারদের বসে পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।"
তিনি আশ্বস্ত করেন যে, উন্নত বিশ্বের আদলে নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে হকারদের ব্যবসার সুযোগ দেওয়া হবে।
সিডিএ চেয়ারম্যানের এই আশ্বাসের পর হকার নেতারা তার সঙ্গে একমত পোষণ করেন। তারা অন্যত্র ব্যবসা করার সুষ্ঠু পরিবেশ ও নির্দিষ্ট জায়গা বরাদ্দের প্রতিশ্রুতিতে স্বেচ্ছায় ফুটপাত থেকে তাদের চৌকি, মালামাল ও দোকানপাট গুটিয়ে নেওয়ার কাজ শুরু করেন।