দেশের সব খাতেই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকার নিরলস চেষ্টা করছে। বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী জানান, পতিত সরকারের লুটপাটের কারণে বর্তমান সরকারকে ঋণের বোঝা টানতে হচ্ছে। তিনি বলেন, 'সবাইকে সাথে নিয়ে জ্বালানি সংকট সমাধানের' বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে।
এসময় সংসদকে সকল আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, 'একটি নির্দিষ্ট দেশকে সুবিধা দিতে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনে আগ্রহ ছিল না পতিত আওয়ামী সরকারের।'
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, 'বঙ্গোপসাগর থেকে বিগত এক যুগেরও বেশি সময়, ফ্যাসিবাদের সময়, গ্যাস উত্তোলনে বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি।' তিনি অভিযোগ করেন, বিশেষ কোনো দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে বাংলাদেশের অংশে গ্যাসকূপ খনন করা হয়নি।
সরকারের উদ্দেশ্য হলো, জ্বালানি ও বিদ্যুতের সংকটকে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে উত্তরণ করা। প্রধানমন্ত্রীর ভাষ্য, 'চব্বিশের আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধে সবাইকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের' আহ্বান জানান তিনি।