১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির সাথে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায় সরকার উপেক্ষা করেছে।’ তিনি উল্লেখ করেন, ‘বিল পাসের সময় আমরা আমাদের মতামত দিয়েছি, কয়েকটি বিষয় ছাড়া তারা আমাদের মতামত আমলে নেয়নি।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য যদি এমন হয় যে ভোটের জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে তা প্রতারণার সামিল।’ জামায়াত আমির বলেন, ‘নির্বাচনের ফলাফল পাকিস্তানের শাসক গোষ্ঠী মেনে না নেওয়ায় ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে আমরা তা মেনে নিব না।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘সংস্কারগুলো বাস্তবায়ন হলে কোনো সরকার স্বেচ্ছাচার করতে পারবে না। সরকার মানছে না বলে জনগণের রায় আমরা ছেড়ে দিব না।’ তিনি সরকারের ভালো কাজের প্রশংসা করবেন এবং খারাপ কাজের বিরোধিতা করবেন বলে জানান।
জামায়াত আমির বলেন, ‘র্যাব জাতির সাথে চরম অন্যায় করেছে, তাই আমরা এর বিলুপ্তি চেয়েছিলাম। কিন্তু পুরাতন সদস্য এবং আগের সব কার্যক্রম রেখে নতুন মোড়ক দেওয়া হয়েছে এসআরবি গঠনের মাধ্যমে।’ তিনি অভিযোগ করেন, ‘কোরআনের বিপরীতে তারা সম্পদ বণ্টন আইন করেছে। এমন দুঃসাহস ইংরেজরাও করেনি।’