ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, "আদৌ কি তারা নির্বাচনে পাশ করেছিলেন?"
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে মানুষের মধ্যে মতপার্থক্য রয়েছে।
তিনি বলেন, "মানুষ বিশ্বাস করে না যে, জামায়াতের আমির এবং নাহিদ ইসলাম জনগণের ভোটে জাতীয় সংসদে গেছেন। বরং সন্দেহ রয়েছে যে, জামায়াত ও এনসিপিকে বিরোধীদল বানানোর জন্য অন্তর্বর্তী সরকারের একটি পরিকল্পনা ছিল।"
রাশেদ খান আরও বলেন, "একটি দল অতীতে সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছিল, সেই দল কীভাবে এবার ৭৭টি আসন পেলো?" এই প্রশ্ন জনগণের মনে রয়েছে।
তিনি বিএনপির ওপর নিপীড়নের কথা উল্লেখ করে বলেন, "আওয়ামী ফ্যাসিবাদী আমলে বিএনপি সবচেয়ে বেশি গুম-খুনের শিকার হয়েছে। তাহলে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় কেন?"
রাশেদ খান বলেন, "আমরা পুরোনো প্রেমের ইতিহাস ভুলে যাইনি। জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে পুরোনো সম্পর্ক আবার জাগ্রত হয়েছে বলে জনগণের মনে হচ্ছে।"