রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য গোলাম মাওলা রনি ফারজানা আফরোজ নামের এক নারীর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার খবরের প্রেক্ষিতে নতুন তথ্য প্রকাশ করেছেন। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি দাবি করেছেন, ফারজানা আফরোজের সঙ্গে তার তালাক কার্যকর হয়েছে আগেই।
রনি জানান, তালাক হওয়ার বিষয়টি তার পরিবার ও কাছের লোকজন জানতেন। তিনি বলেন, ‘আমি ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলাম। পুলিশ এসে মহিলাকে বললো- আপনার কাছে কি আছে বিয়ের প্রমাণ। সে বললো কাগজ আছে। কিন্তু দেখাল না।’
তিনি আরও জানান, অভিযোগের পর পুলিশ ফারজানাকে থানায় নিয়ে আসে এবং সেখানে তার কাছ থেকে কথিত কাবিনের একটি কপি সংগ্রহ করতে সক্ষম হয়। গোলাম মাওলা রনি বলেন, ‘আইনবীদদের পরামর্শ ছিল কাবিনের যথাযথতা আদালতে প্রমাণ করতে কয়েক বছর লাগবে।’
রনি অভিযোগ করেন, ফারজানা আফরোজের লোকজন তার সামাজিক সম্মানকে বিপন্ন করার জন্য বিভিন্ন দাবি করতে থাকে। তিনি জানান, ‘আমি নিজেকে অটল রাখি এবং মহিলার বিরুদ্ধে মামলা করিনি।’
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, ‘এরই মধ্যে মহিলা এবং তার গডফাদার ইউটিউবার ইলিয়াস একটি ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়।’ তিনি উল্লেখ করেন, ‘এনসিপির নাহিদরা কেন এই মহিলার নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার স্বপ্ন দেখছে, তা আমার বোধগম্য নয়।’
এদিকে, ফারজানা আফরোজ এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তির’ কেন্দ্রীয় পর্যায়ের একটি দায়িত্ব পাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। রনি দাবি করেছেন, ফারজানা আফরোজ তার স্ত্রী নন এবং তিনি সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী।