বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগকে তিনি কোনো রাজনৈতিক দল মনে করেন না। মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ‘২৮ অক্টোবরের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলের কোনো কোয়ালিটি আওয়ামী লীগের নেই।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে, সংবিধান সংশোধন করা উচিত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সংবিধান সংশোধন না করলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ জামায়াতের আমির ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে বলেন, ‘আওয়ামী লীগ লগি–বৈঠা দিয়ে অমানবিক হত্যাযজ্ঞ চালায়।’
শফিকুর রহমান অভিযোগ করেন, ‘আবারো বিএনপির আশ্রয়ে–প্রশ্রয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তারা।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্ন সময় সন্ত্রাসী করে ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা নানা অপকর্ম করেছে।’
তিনি আরও বলেন, ‘যারা ফ্যাসিবাদের পথ অবলম্বন করবে তাদের পরিণতিও ভিন্ন হবে না।’ জামায়াতের আমির বলেন, ‘এখন অনেকে ইনিয়ে–বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করে। ফ্যাসিবাদ ফিরে আসবে– এমন কল্পনা যেন কেউ না করে।’