জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বেসরকারি গবেষণা সংস্থা ভয়েস ফর রিফর্মসহ কয়েকটি সংগঠনের আয়োজনে ‘সাইবার সুরক্ষা, না কণ্ঠরোধ’ শিরোনামের নাগরিক সংলাপে বক্তব্য রাখতে গিয়ে আখতার হোসেন বলেন, ‘সরকার স্বৈরাচার হওয়ার জন্য বিভিন্ন কমিশনকে নিজেদের তল্পিবাহক বানানোর জন্য আইন করছে।’
তিনি অভিযোগ করেন, ‘সরকার সাইবার সুরক্ষা আইন করছে, কিন্তু আসলে নিজেদের সিদ্ধান্তের সমালোচনা করার জন্য ময়মনসিংহের সাথী আখতারকে গ্রেপ্তার করেছে। এটি ফ্যাসিবাদ এবং উত্তর কোরিয়া মডেলের মতো।’
আখতার হোসেন আরও বলেন, ‘আইজিপি যে ক্রসফায়ারের কথা বলেছেন, এটাকে সরকারের বক্তব্য ধরে নিতে পারেন। সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি এটি বলেছেন। আইজিপিকে এই বক্তব্যের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে।’
তিনি বিএনপির অবস্থান নিয়ে বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়, কিন্তু নিজেদের দলীয় লোক দিয়ে। সরকারকে বলবো, এই সাইবার সুরক্ষা আইনে সংসদে উপস্থাপন করবেন না। এই আইন নাগরিকের বাক স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব করবে।’
ময়মনসিংহের ভালুকায় গ্রেপ্তার সাথী আখতারকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তার মামলা অবিলম্বে প্রত্যাহার করা উচিত।