বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আ. লীগের সঙ্গে জামায়াতের নতুন ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর

আ. লীগের সঙ্গে জামায়াতের নতুন ষড়যন্ত্রের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁন।

আ. লীগের সঙ্গে জামায়াতের নতুন ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ৯৬ সালের মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বিরোধী দলের সমালোচনা করে বলেন, ৯৬ ও ৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও বলেন, রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনার পেছনে বিরোধী দলের উস্কানি আছে কিনা খতিয়ে দেখা উচিত।

রাশেদ খাঁন বলেন, বিরোধী দলের উস্কানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার উৎসাহ পেয়েছে।

এসময় তিনি জামায়াত আমিরের সমালোচনা করে বলেন, জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারে, কিন্তু জামায়াতের আমির একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন।

তিনি বলেন, জামাতে যোগ দেয়ার পরে কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে প্রস্তুত আছে।

বিজ্ঞাপন