বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপের মধ্যে সমন্বয়হীনতা ও দ্বিচারিতা রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, "এই কয়েক মাসেই মন্ত্রীদের বিদায় হওয়া লাগছে। বাকি সময় কী হবে?"
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি।" তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসানো, জুলাই সনদ না মানা এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ডকে ফ্যাসিবাদের উদাহরণ হিসেবে তুলে ধরেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রশাসনিক ক্ষমতা দিয়ে বিএনপি এখন ওয়াজ-মাহফিলেও বাধা দিচ্ছে। তিনি বলেন, "নির্বাচনী এলাকায় বরাদ্দ পাচ্ছে সরকার দলীয় এমপিরা, আর বিরোধী দলের এমপিরা কোনো বরাদ্দ পাচ্ছে না।"
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "যেখানে প্রধানমন্ত্রী যাবেন, সেখানে আর কোনো দল প্রোগ্রাম করতে পারবে না?" জামায়াতের পক্ষ থেকে দেশের সব ফাজিল ও কামিল মাদরাসার বিদ্যমান গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের নিন্দা জানানো হয়।