নরসিংদীর শিবপুরে একটি সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের কুমড়াদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শেখ মোহাম্মদ ইলিয়াস (৬০) শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে আবুবক্কর সিদ্দিক (৬৫), পাভেল মিয়া (৪৩), সাইদুর রহমান (৫০) এবং হাদিস মিয়া (৩৪) রয়েছেন।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়, ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর সিএনজিতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শেখ মোহাম্মদ ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।