চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় প্রবাসী শাহজাহান পাটওয়ারী সাজু (৫০) হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি নিহত প্রবাসীর ভাতিজাকে তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত শাহজাহান পাটওয়ারী মান্দারী গ্রামের মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর পুত্র এবং তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। নিহতের ভাই রিয়াদ পাটোয়ারী অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যান শাহ্ মাহমুদ স্বপনের নির্দেশে শাকিলের নেতৃত্বে যুবকদের একটি দল ভাতিজা জিসানকে খুঁজতে যায়। শাহজাহান বাধা দেওয়ার চেষ্টা করলে তারা বাঁশ ও ইট দিয়ে আঘাত করে।
শাহজাহান পাটওয়ারী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রুপক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহামায়া এলাকায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।
অন্যদিকে সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না এবং অভিযোগ সত্য নয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।