চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পূনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৭ সেন্টিমিটার, মহানন্দা নদীর পানি ১০ সেন্টিমিটার এবং পূনর্ভবা নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কোনো শঙ্কা নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচে পানির স্তর থাকলে সেটিকে সতর্কসীমা ধরা হয়। বর্তমানে পদ্মা নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে নদী তীরবর্তী সদর উপজেলার নারায়ণপুর, শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা ও উজিরপুর ইউনিয়নের কিছু নিচু এলাকায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।