অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদিদোকান করের আওতার বাইরে থাকবে। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সরকার ট্যাক্স নীতি প্রণয়নে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চায়। পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে ব্যবসা-বাণিজ্য প্রসারের উদ্যোগ নিয়েছি।’
তিনি আরো জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা তাঁদের সামর্থ্য অনুযায়ী হবে।
অর্থমন্ত্রী সংসদ অধিবেশনে আশ্বস্ত করেন যে, কাঁচাবাজার এবং ক্ষুদ্র মুদিদোকান করের আওতার বাইরে থাকবে। তিনি বলেন, ‘এরা করের আওতার বাইরে থাকবে।’
এছাড়া, বিভিন্ন প্রকল্পে নজরদারি করার জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা হবে, যা প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে বলে জানান তিনি।