আদ্-দ্বীন হাসপাতালে ছয়টি শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, "দায়িত্বহীনভাবে ছয়টা শিশুকে রেখে মেরে ফেলবে, আর শান্তিতে ঘুমাবে, তা হতে পারে না।" মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "বদ্ধ ঘরে কোনো অক্সিজেন ছিল না। তখন উচিত ছিল ছয়টা বাচ্চাকে সরিয়ে ফেলা। যখন একটি বাচ্চাকে নেওয়ার পরে ভালো হয়ে গেল, বাকি বাচ্চাগুলিও তো নিয়ে যাওয়া উচিত ছিল।" তিনি উল্লেখ করেন যে, কর্তৃপক্ষ ওই কক্ষটি পরিদর্শন পর্যন্ত করেনি এবং তাদের কোন গুরুত্বই ছিল না।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, "দুই ঘণ্টা এসি বন্ধ থাকার কারণে এবং কক্ষে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে।" এ ঘটনার জন্য হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক মনে করেন তিনি।
তিনি বলেন, "যেকোনো মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।" মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আদ্-দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করলে সরকারের পক্ষেই রায় আসবে।
এছাড়া, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের উন্নয়নে সরকার কাজ করবে এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি। চিকিৎসকদের প্রতি রোগীদের প্রতি আরও যত্নশীল ও মানবিক হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।