সিলেট বিভাগে হাম রোগের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরই মৃত্যু হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে ১০৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে।