জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর ওয়াল্টার হোয়াইটের ছেলে চরিত্রে অভিনয় করা আর জে মিটে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর।
সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়েও তিনি অভিনয় ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজের মাধ্যমে সমাজে এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধি।
বিবিসিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘প্রিয় অভিনেতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের পক্ষে সোচ্চার কর্মী আর জে মিটের মর্মান্তিক প্রয়াণের খবর গভীর শোকের সঙ্গে জানাচ্ছি।’ মিটে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে মারা যান।
মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে ব্রাউনসভিল পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করা হচ্ছে।
মিটে ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার বাবা ওয়াল্টার হোয়াইটের চরিত্রে অভিনয় করেন ব্রায়ান ক্র্যানস্টন। এই সিরিজের জন্য তিনি ২০১৪ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কল্যাণে সক্রিয় ছিলেন মিটে। তিনি ‘দ্য মিটে ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন, যা জনকল্যাণমূলক উদ্যোগে সহায়তা করে।
মিটে প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সমাজে অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন।
‘ব্রেকিং ব্যাড’ ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৫টি সিজন প্রচারিত হয় এবং এটি ৫৮টি এমি মনোনয়ন পেয়ে ১৬টি পুরস্কার জিতে।