প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই।
তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা দুঃখজনক। প্রাথমিকভাবে ছাত্রদল থেকে হামলাকারীদের বহিষ্কার করা হয়েছে এবং ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত আগ্রহী। অর্থায়ন বাংলাদেশ, চীন অথবা অন্য কোনো দেশের মাধ্যমে হবে, সেটি ভিন্ন আলোচনা।
জুলাইয়ের গণহত্যা নিয়ে যারা অনুশোচনা করেনি এবং হুমকি দিচ্ছে, তাদের সঙ্গে কোনো মীমাংসা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া, গত সাত মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে পাঠানোর তথ্যও জানান তিনি। সাম্প্রতিক মিরপুরের ঘটনার পর সরকারের প্রতিক্রিয়া স্পষ্ট করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিয়ে সরকার কোনো ধরনের আপস করবে না।
তথ্য উপদেষ্টা বলেন, সরকারের কাছে জনগণের কিছু প্রত্যাশা রয়েছে। যদি সেগুলো পূরণ না হয়, তাহলে সরকারের প্রতি সমর্থন কমবে।