জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সম্পূর্ণরূপে অনলাইনে হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। নাগরিকরা শুধুমাত্র আবেদন করতে পারছেন অনলাইনে, কিন্তু সনদ হাতে পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে যেতে হচ্ছে, যা সময় ও শ্রমের অপচয় ঘটাচ্ছে।
রাজধানীর ধানমন্ডির বাসিন্দা রবিউল ইসলাম গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে গিয়ে দুই দিন নগর ভবন এবং এক দিন জেলা প্রশাসকের কার্যালয়ে কাটিয়েছেন। এই ধরনের বিড়ম্বনায় পড়ছেন অনেকেই।
যদিও আবেদন প্রক্রিয়া ডিজিটাল, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নাগরিকদের সরাসরি সিটি করপোরেশন বা ইউনিয়ন পরিষদে উপস্থিত হতে হচ্ছে। সনদ সংগ্রহ করতে সময় লাগে এক থেকে তিন দিন পর্যন্ত।
নগর পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “অনলাইনে আবেদন করার পরও সশরীরে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। সরকারকে অবশ্যই পুরোপুরি ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে।”
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “আমরা ইতোমধ্যে দু-তিনবার এই বিষয়ে আলোচনা করেছি এবং টোটালি অটোমেশনের মাধ্যমে সমস্যার সমাধান করব।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, “প্রধানমন্ত্রী সরাসরি বিষয়গুলো দেখেন এবং সমন্বয়ের চেষ্টা করছেন। আস্তে আস্তে এই প্রক্রিয়া সহজ হবে।”
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে জন্ম নিবন্ধন হয়েছে প্রায় ৫৮ লাখ ৪৮ হাজার।