শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি, জনপ্রতিনিধির অভাবে সরকারি কর্মকর্তাদের ওপর চাপ

বরিশাল সিটিতে জনপ্রতিনিধির অভাবে নাগরিক ভোগান্তি চরমে, সরকারি কর্মকর্তাদের ওপর চাপ বাড়ছে।

বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি, জনপ্রতিনিধির অভাবে সরকারি কর্মকর্তাদের ওপর চাপ

বরিশাল সিটি কর্পোরেশনে কাউন্সিলর না থাকায় নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে। ৩০টি ওয়ার্ডের দায়িত্ব ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর ন্যস্ত হয়েছে। তবে তারা মূল দাপ্তরিক কাজের পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব সামলাতে হিমশিম খাচ্ছেন।

বরিশাল সিটির পরিষদ ভেঙে দেওয়ার পর সরকারি কর্মকর্তাদের ওপর তৃণমূলের সেবা সচল রাখার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু, নিয়মিত অফিসে আসতে না পারায় কাউন্সিলর কার্যালয়ে ফাইলের স্তুপ জমে যাচ্ছে। নাগরিকত্ব সনদ বা জন্মনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেবার জন্য নগরবাসীকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে।

এক স্থানীয় বাসিন্দা জানান, “যে কর্মকর্তা তাদের দেওয়া হয়েছে, তারা ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে বড়ই যন্ত্রণা করে।” অন্য একজন বলেন, “কমিশনারের সার্টিফিকেট আনতে ৪–৫ দিন ঘোরা লাগে। এই সার্টিফিকেট পেতে পেতে অনেকের চাকরি বা অন্যান্য আবেদনের মেয়াদও শেষ হয়ে যায়।”

সিটির ওয়ার্ড কার্যালয়ের অন্যতম কাজ জমিজমা ও পারিবারিক বিরোধের সামাজিক সালিস। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে কর্মকর্তারা অপরিচিত হওয়ায় সালিসি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে ছোটখাটো বিরোধেও থানা বা আদালতে যেতে হচ্ছে এলাকাবাসীকে, যা সামাজিক অপরাধ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, তারা মূল দাপ্তরিক কাজের চাপ সামলে সাধ্যমতো সেবা দেয়ার চেষ্টা করছেন। বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, “সিটি কর্পোরেশন থেকে আমাদের ওপর যে দায়িত্বগুলো দেওয়া রয়েছে, সেগুলো পালনে আমরা সচেষ্ট থাকি।”

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মু. জাহিদুল কবির তুহিন জানান, “নাগরিকত্ব ও জন্ম নিবন্ধনের জন্য বেশি সংখ্যায় মানুষ আসে। আমি সবসময় দিনের মধ্যে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করেছি।”

সিটি করপোরেশন কর্তৃপক্ষ নাগরিক ভোগান্তি কমানোর আশ্বাস দিয়েছে। সচিব রুম্পা সিকদার বলেন, “আমাদের অফিস থেকে তদারকি আরও বাড়ানো হবে। কীভাবে নাগরিকদের সেবাটা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেজন্য আমরা বদ্ধ পরিকর।” বরিশালবাসী দ্রুত পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা নিয়োগ বা জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনে ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সেলরসহ মোট ৪০ জন কাউন্সেলরের পদ রয়েছে, যা ৫৮ বর্গকিলোমিটার এলাকায় কার্যকরী ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন