বরিশাল সদর উপজেলার চর কাউয়া বাস টার্মিনাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে সড়কে থ্রিহুইলার ও ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে রওনা দিয়েছেন। তাদের অভিযোগ, বাস বন্ধ থাকায় বাড়তি ভাড়া দিতে হচ্ছে।
চর কাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানিয়েছেন, বাস চলাচলের চেষ্টা করা হলেও থ্রি হুইলার ও অটো চালকরা বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
গতকাল রোববার, বাস, থ্রি হুইলার ও ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় বাস মালিক ও শ্রমিকরা সড়কে থ্রিহুইলার বন্ধের দাবি জানান।
চর কাউয়া টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। যাত্রীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মিত বাস ধর্মঘটের বিষয়টি দেখার অনুরোধ জানানো হয়েছে।