রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় ৬ রুটে একক কোম্পানির বাস চালুর উদ্যোগ

ঢাকায় ৬ রুটে একক কোম্পানির বাস চালুর কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকায় ৬ রুটে একক কোম্পানির বাস চালুর উদ্যোগ

রাজধানী ঢাকায় ও আশপাশের ছয়টি রুটে ৮৬১টি বাস নিয়ে একক কোম্পানির বাস চালুর কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে মানিক মিয়া এভিনিউতে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

নতুন এই ব্যবস্থা চালু হলেও চালক ও শ্রমিকদের বেতন কাঠামো এখনো ঠিক হয়নি। পরিবহন সংশ্লিষ্টদের মতে, একাধিক কোম্পানির বাস চলাচল বন্ধ করা এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীতে গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে ফের রুট রেশনালাইজেশন চালু হয়েছে। গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী পর্যন্ত ২৫৩টি নন-এসি বাস চালাবে ভিআইপি পরিবহন।

মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ১৩৩টি বাস চালাবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। এছাড়া ঘাটারচর থেকে ডেমরা এবং ঘাটারচর-কাঁচপুর রুটে বাস চালাবে ফোর স্টার লাইন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম জানান, এই রুটের চালকদের বেতন দেওয়া হবে, যা সড়কে প্রতিযোগিতার হুড়োহুড়ি বন্ধ করবে।

মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ছয়টি রুটে বাস চলাচলের মাধ্যমে যে উদ্যোগ শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে ঢাকার ৩২টি রুটে চালু হবে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মালিক ও শ্রমিকদের সহযোগিতার অভাবে পূর্বে এই উদ্যোগ সফল হয়নি। এবারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, রাজধানীতে পরিবহন চালাতে হলে রেশনালাইজেশন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন