বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকার ১৯৮৯ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত অলাভজনক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’ (এসসিটি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ট্রাস্টের উদ্দেশ্য হলো ‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ নিশ্চিত করা।
রাজধানীর বনানী ক্লাব লিমিটেডের ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাতারকূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (এসপিইউএস) সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ট্রাস্টটি সমাজের বৈষম্য দূর করতে এবং সবার জন্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করবে।
শাহীন পরিবারের সদস্যদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়েছে ট্রাস্টটি। এই উদ্যোগটি প্রায় দুই বছরের আলোচনা ও পরামর্শের পর বাস্তবায়িত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে, ট্রাস্টের বোর্ড সদস্য সেলিন সুলতানা, ফাজল সালাউদ্দিন ও রোজানা রউফ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ইশারা ভাষায় জাতীয় সংগীত পরিবেশন অতিথিদের মধ্যে আবেগের সৃষ্টি করে।
শাহীন কেয়ার্স ট্রাস্টের চেয়ারপারসন দাতা মাগফুর স্বাগত বক্তব্যে অংশীদারিত্ব ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 'এই অর্থপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।'
‘জার্নি অব ৮৯’ পর্বে ট্রাস্টের বোর্ড সদস্য শাহনাজ শারমীন সংস্থাটি গড়ে ওঠার পেছনের গল্প তুলে ধরেন। শিক্ষাজীবন শেষে বন্ধুরা সম্মিলিতভাবে কিছু করার প্রয়োজন অনুভব করেন, সেই ভাবনা থেকেই শাহীন কেয়ার্স ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে ‘দ্য জার্নি অব ৮৯’ শীর্ষক একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা ট্রাস্টের সূচনালগ্নের স্মৃতি এবং ১৯৮৯ সালের প্রাক্তন শিক্ষার্থীদের সোনালি দিনগুলো তুলে ধরে। তথ্যচিত্র প্রদর্শনের পর কেক কেটে ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারপারসন দাতা মাগফুর।
এ সময় ট্রাস্টের অন্য ট্রাস্টিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট www.shaheencares.org উদ্বোধন করা হয়।