রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এম এ কাশেম, যিনি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং সাবেক চেয়ারম্যান। প্রতিনিধিদলে আরও ছিলেন আজিজ আল কায়সার, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
এনএসইউর প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে। তারা জানান, এনএসইউ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে জড়িত রয়েছে।
প্রতিনিধিদল জানান, এনএসইউ থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তারা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক কার্যক্রমের বিষয়েও তথ্য তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
এছাড়া, এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।