জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে। তিনি রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি জাতীয় ঐক্যের কথা সবার আগে বলেছে। বর্তমানে সরকারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে এবং এনসিপিকেও সেই আহ্বান জানানো হয়েছে। সংকটের সময়ে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত এনসিপি।
তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে তাদের ভুল শুধরে নিতে হবে। গণভোটের গণরায় না মেনে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে ঐকমত্য প্রয়োজন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার রায় কার্যকর হলে জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে। তিনি সংবিধান সংশোধন কমিটি দ্রুত ভেঙে দেওয়ার এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ, গণহত্যার রায় এবং গঙ্গা চুক্তির মতো বিষয়কে সামনে রেখে তারা জাতীয় ঐক্য গড়ে তুলতে চান।
এ সময় যুক্তরাজ্যে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। যুক্তরাজ্যের ইতিহাসে এটি নজিরবিহীন। তিনি জানান, প্রবাসীরা তাদের নিরাপত্তার জন্য ঢাল হিসেবে কাজ করেছেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে এবং বিদেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। যুক্তরাজ্য সরকারকে এ বিষয়ে জানানো হয়েছে এবং তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।