মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

এইচএসসি পরীক্ষায় ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এইচএসসি পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ প্রকাশিত হয়েছে। বেলা ৩টায় প্রকাশিত এ ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফলের ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd/) এবং প্রদত্ত মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে।

পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য আবেদন করেছে।

ময়মনসিংহ বোর্ডে সর্বাধিক ফল পরিবর্তন হয়েছে, যেখানে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা শতকরা হিসেবে ৪৪ দশমিক ১৯ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছে, যার মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

এছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ৪০ হাজার ৮৩০টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করে, যার মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী ২৬ হাজার ৮০৬টি পত্রের জন্য আবেদন করে, এর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।

গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। এতে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছে।

বিজ্ঞাপন