বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে নিখোঁজের দুদিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।
শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার কথা থাকলেও না ফেরায় বরিশাল জেলা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে গতকাল বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
দুদিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, যা এখন প্রশমিত হয়েছে।