শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১০ জেলায় রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ঢাকাসহ পাঁচ বিভাগে আগামী দু’দিন অতিভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর আরেক সতর্কবার্তায় জানিয়েছে। প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, যদি কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে 'ভারী বৃষ্টি' বলা হয়। আর যদি বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটার থেকে বেশি হয়, তবে তা 'অতিভারী বৃষ্টি' হিসেবে চিহ্নিত করা হয়।

বিজ্ঞাপন