শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বেনাপোল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

বেনাপোল থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ, যাত্রীরা সমস্যায়।

বেনাপোল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তাজনিত কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিবহন মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন, ফলে ভারতফেরত যাত্রীরা সমস্যায় পড়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ দূরপাল্লার বাস বেনাপোল থেকে ছেড়ে যায়নি। তবে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস চলাচল অব্যাহত রয়েছে, জানান কাউন্টার কর্তৃপক্ষ। শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে কলকাতা-ঢাকা রুটের বাস ছাড়া অন্য কোনো দূরপাল্লার বাস বেনাপোল থেকে ছেড়ে যায়নি।’

বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে এবং বৃহস্পতিবার কলকাতা থেকে আরও চারটি বাস আসার কথা রয়েছে। ভারতফেরত যাত্রীরা এসব বাসে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার সিনিয়র ম্যানেজার সহিদুল ইসলাম জানান, ‘চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় বাস ছাড়ার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।’

কাউন্টার সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টি এবং লকডাউন কর্মসূচির কারণে বেনাপোল দিয়ে যাত্রী পারাপারও কমেছে। অনেক যাত্রী বিকল্প হিসেবে লোকাল বাস ও ট্রেনে যাওয়ার পরিকল্পনা করছেন।

গত বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে বরিশালগামী বাস চলাচল করছে। অন্যদিকে, বেনাপোল থেকে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন