জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত ১৫ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি এই ঘোষণা দেয়।
জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ জানান, প্রশাসনের আশ্বাসে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, "আমাদের যে বাস ধর্মঘট চলছিলো, তা প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে সকল যান চলাচল করবে।"
জামালপুর জেলা প্রশাসক ইউসুপ আলী জানান, বাস মালিক ও শ্রমিকদের নেতাদের সাথে আলোচনা করে সংকট সমাধান করা হয়েছে। তিনি বলেন, "সড়ক স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনও কাজ করছে।"
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবিতে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।