শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শিক্ষার্থীদের শপথ: মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে লাল কার্ড

শিক্ষার্থীরা বেগমগঞ্জে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছে।

শিক্ষার্থীদের শপথ: মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে লাল কার্ড

নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে একটি ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান। তিনি বলেন, "শিক্ষার্থীদের উচিত সমাজের প্রতি দায়িত্বশীলতা পালন করা এবং মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা।"

আয়োজক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জানায়, তারা শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

বিজ্ঞাপন