জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বাড়াতে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা মেট্রো-৩ সার্কেলের উদ্যোগে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের সঠিক নিয়মাবলী, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, গণপরিবহনে ওঠা-নামা ও ভ্রমণের সময় যাত্রী হিসেবে পালনীয় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কেবল চালকের একার ওপর দায় চাপালে চলবে না; পথচারী ও যাত্রীদেরও ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সমপরিমাণ দায়িত্বশীল হতে হবে।
নিরাপদ সড়ক অবকাঠামো ও সড়কের সঠিক নকশা বাস্তবায়নের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টাই সড়ককে সম্পূর্ণ বিপদমুক্ত করতে পারে।
অনুষ্ঠানে বিআরটিএর পক্ষ থেকে সড়ক নিরাপত্তার বিভিন্ন বাস্তব চিত্র তুলে ধরে অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিরাপদ সড়ক গঠনে তাদের ভাবনা ও প্রস্তাবনা উপস্থাপন করে।
কর্মশালায় বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট ট্রাফিক ও প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।